২৫ জুন ২০২৬

ধর্ম / ইসলাম

পবিত্র আশুরা শুক্রবার, দেশজুড়ে ধর্মীয় নানা কর্মসূচি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ন


আগামীকাল শুক্রবার পবিত্র আশুরা। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের ১০ তারিখ। মুসলিম উম্মাহর জন্য দিনটি ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ববহ। একই সঙ্গে এটি গভীর শোকেরও দিন।

ইসলামের ইতিহাসে আশুরা নানা তাৎপর্যপূর্ণ ঘটনার স্মারক। তবে ৬১ হিজরির ১০ মহররমে (৬৮০ খ্রিস্টাব্দ) ইরাকের কারবালা প্রান্তরে সংঘটিত মর্মান্তিক ঘটনার কারণে দিনটি বিশেষ মর্যাদা লাভ করেছে। ওই দিন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য ও সঙ্গীরা ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেন। ইসলামের আদর্শ, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের আত্মত্যাগ ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।

এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তাঁরা আশুরার শিক্ষা ধারণ করে শান্তিপূর্ণ, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায়ও দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালন করবে। রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল, শোকসভা ও ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ইসলামি চিন্তাবিদরা বলেন, কারবালার ঘটনা কেবল একটি ঐতিহাসিক ট্র্যাজেডি নয়; এটি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে নৈতিক প্রতিরোধের উজ্জ্বল দৃষ্টান্ত। সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগ এবং আদর্শের প্রতি অবিচল থাকার শিক্ষা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে আসছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ বারান্দায় ‘আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। প্রধান আলোচক ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. মহিউদ্দিন।

এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি না রাখা, কোনো ধরনের ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ বা সন্দেহজনক বস্তু বহন না করা, উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকা এবং আতশবাজি বা পটকা ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া শুক্রবার সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত রুটগুলোতে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে। যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

পবিত্র আশুরা, কারবালা, বাংলাদেশ, ইসলাম ধর্ম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ