১১ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / মামলা

কোম্পানীগঞ্জে সাংবাদিক ও পর্যটকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন


সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাংবাদিক ও পর্যটকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন সাংবাদিক কবির আহমদ। 


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গণি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 


মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) ভোলাগঞ্জে সংবাদ সংগ্রহ শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি হাই-এস গাড়িতে করে সিলেট শহরের উদ্দেশে রওনা হন কবির আহমদ। তাঁর সঙ্গে গাজীপুর থেকে আসা একজন গণমাধ্যমকর্মী ও কয়েকজন পর্যটক ছিলেন। ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেট কার তাঁদের গাড়িতে জোরে ধাক্কা দেয়। এতে হাই-এস গাড়িটির পেছনের কাচ ভেঙে যায়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


এজাহারে অভিযোগ করা হয়, এরপর গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে কবির আহমদের ওপর হামলা চালানো হয়। দেড় বছর আগে সাদা পাথর লুটের সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে কয়েকজন তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন বলে মামলার বাদী অভিযোগ করেছেন। এ সময় লোহার রেঞ্চ, ধারালো দা ও লোহার পাইপ দিয়ে তাঁকে আঘাত করা হয়। এতে তাঁর বুক, নাক ও মুখে গুরুতর জখম হয়। হামলাকারীদের মারধরে শরীরের বিভিন্ন স্থানেও কেটে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


এজাহারে আরও বলা হয়, হামলার একপর্যায়ে কবির আহমদের সঙ্গে থাকা Sony 4K Handycam ক্যামেরা ও Samsung S25 Ultra মুঠোফোন নিয়ে নেওয়া হয়। এসব যন্ত্রে ভোলাগঞ্জে সংগ্রহ করা ভিডিও ফুটেজ, ছবি ও বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকারের রেকর্ড ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


পরে কবির আহমদকে জোর করে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা গণমাধ্যমকর্মী, পর্যটক ও স্থানীয় পথচারীরা বাধা দেন। তাঁদের বাধার মুখে গুরুতর আহত কবির আহমদকে উদ্ধার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুই পর্যটক আহত হন।


ঘটনার সময় কোম্পানীগঞ্জ থানার এসআই জাহিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। মামলায় অভিযোগ করা হয়েছে, পুলিশ হামলাকারীদের ব্যবহৃত প্রাইভেট কার ও একজনকে আটক করলেও পরে আসামির স্বজনেরা মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে গাড়িটি ও ওই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়। 


পরে আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কবির আহমদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


মামলার বাদি কবির আহমদ জানান, প্রায় দেড় বছর আগে ভোলাগঞ্জের সাদা পাথর লুটপাটের ঘটনায় তিনি সংবাদ প্রকাশ করেন। ওই সংবাদে কয়েকজনের নাম ও ছবি প্রকাশ করা হয়। দেশের বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।


তার অভিযোগ, ওই সংবাদ প্রকাশের পর হামলাকারী ইকবাল হোসেনের বাবা দুলাল মিয়া ওরফে দুলা মেম্বারকে ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদ থেকে স্থানীয় সরকার বিভাগ বহিষ্কার করে। এরপর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল এবং হামলার সুযোগ খোঁজা হচ্ছিল বলে দাবি করেন তিনি।


মামলায় এ ঘটনাকে পূর্বপরিকল্পিত হামলা উল্লেখ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কবির আহমদ।


এদিকে এ বিষয়ে কথা বলতে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কোম্পানীগঞ্জ থানা, সাংবাদিক, হামলা, মামলা, ভোলাগঞ্জ, সাদা পাথর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ