নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ব নির্ধারিত স্থানেই হবে সুবিপ্রবি: এমপি কয়ছর
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) দ্রুততম সময়ের মধ্যে পূর্ব নির্ধারিত স্থানে স্থাপিত হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সুবিপ্রবি’র সিন্ডিকেট সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
শনিবার (১৩ জুন) বিকালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের (আব্দুল মজিদ কলেজ) একটি কক্ষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
কয়ছর আহমদ বলেন, ‘আমার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে যে কয়টি অন্যতম প্রতিশ্রুতি ছিল তার মধ্যে অন্যতম ছিল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে স্থাপন করা। আমাকে বিশ্বাস করে শান্তিগঞ্জ-জগন্নাথপুরের মানুষ সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এখন আমার দায়িত্ব হল আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে স্থাপন করা। আমি আমার প্রতিশ্রুতি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শহরের বাইরে স্থাপন করতে হয়। এতে শহর বর্ধিত হয়। যানযটমুক্ত থাকে। ইতিমধ্যে সুবিপ্রবি'র বিল প্রি-একনেকে পাশ হয়েছে। আগামী সংসদীয় অধিবেশনে সুবিপ্রবি'র বিল উত্থাপনের জন্য নোট করাবো। ১৫ দিনের মধ্যে সুবিপ্রবি’র বিল সংসদে উত্থাপন করবো। সুনামগঞ্জের সকল এমপি মহোদয়কে নিয়ে শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে কথা বলবো। ব্যক্তিগতভাবে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো। ইনশাআল্লাহ, আমরা শিগগিরই সুবিপ্রবি'র স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু করার জন্য সব চেষ্টা করবো।’
তিনি আরও বলেন, ‘সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর সবই সুনামগঞ্জ জেলার অন্তর্গত। যে স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন হয়েছে সেটা উপযুক্ত জায়গা। এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন হলে জেলা শহর বর্ধিত হবে। কাজেই বিশ্ববিদ্যালয় নিয়ে টানাহেঁচড়া করবেননা। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের জন্য আন্দোলন করছেন এর ফলে যদি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয় তবে সুনামগঞ্জের মানুষ এটি ভালো চোখে নেবেনা। তাই আসুন বিশ্ববিদ্যালয় নিয়ে টানাহেঁচড়া না করে একসাথে সুনামগঞ্জের মানুষের জন্য কাজ করি।’
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সুবিপ্রবি'র সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন।
উল্লেখ্য, চলতি সপ্তাহে সুবিপ্রবি'র স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে যান সুবিপ্রবি'র শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মোহাম্মদ কয়ছর আহমদসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যদের হস্তক্ষেপে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এছাড়া শনিবার সুবিপ্রবি’র স্থান পরিবর্তন করে সুনামগঞ্জ সদরে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সুনামগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় স্থানান্তর বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠন। এসব ঘটনার প্রেক্ষিতেই এই বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
সুবিপ্রবি, মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্থায়ী ক্যাম্পাস, শান্তিগঞ্জ