১০ জুন ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ইউরোপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সুনামগঞ্জের রাঈদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ৩:২৭ অপরাহ্ন

ছবিঃ রাফিউল লেইস রাঈদ

প্রথমবারের মতো ইউরোপের মাটিতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সুনামগঞ্জের রাফিউল লেইস রাঈদ। আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) ফ্রান্সের ভ্যালেন্স শহরে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের পতাকা বহন করবেন তিনি।

টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ডে রাঈদ ও তাঁর সঙ্গী লিপটনের প্রতিপক্ষ হবে স্পেনের একটি জুটি। আন্তর্জাতিক ডাবলস ইভেন্টে রাঈদ-লিপটন জুটির বিশ্ব র‌্যাঙ্কিং বর্তমানে ৪৮৩। জাতীয় পর্যায়ে রাঈদের ডাবলস পার্টনার ওহিদুল, এই জুটি বর্তমানে জাতীয় রানার্স-আপ।

এর আগে দেশে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন রাঈদ। তবে দেশের বাইরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটিই তাঁর প্রথম অংশগ্রহণ।

রাফিউল লেইস রাঈদ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী রবিউল লেইস রোকেসের ছেলে। ক্যারিয়ারে তাঁর উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে জাতীয় সাব-জুনিয়র প্রতিযোগিতায় রানার্স-আপ, পরপর দুইবার সুনামগঞ্জ জেলা চ্যাম্পিয়ন এবং আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় দুইবার চ্যাম্পিয়ন ও দুইবার রানার্স-আপ হওয়া। জাতীয় চ্যাম্পিয়নশিপের একাধিক আসরে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলার কৃতিত্বও রয়েছে তাঁর।

রাঈদের এই আন্তর্জাতিক যাত্রায় সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনে উৎসাহের আবহ তৈরি হয়েছে। 


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

খেলাধুলা, ইউরোপ, সুনামগঞ্জ, রাফিউল লেইস রাঈদ, ব্যাডমিন্টন টুর্নামেন্ট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ