১০ জুন ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিশ্বকাপ ফুটবল ২০২৬

সুনামগঞ্জে আর্জেন্টিনার ১২০ হাত লম্বা পতাকা ছিঁড়ে ফেলায় সমর্থকদের ক্ষোভ

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাই উপজেলার শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থাপন করা আর্জেন্টিনার ১২০ হাত লম্বা একটি পতাকা ছিঁড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৯ জুন) ভোর রাতের কোনো এক সময় কে বা কারা পতাকাটির বিভিন্ন অংশ ছিঁড়ে ফেলে রেখে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের দাবি, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দীর্ঘদিনের আবেগ ও ভালোবাসার প্রতীক হিসেবে পতাকাটি স্থাপন করা হয়েছিল।এলাকার ক্রীড়াপ্রেমী তরুণদের উদ্যোগে তৈরি ও টানানো এই বিশাল পতাকাটি স্থানীয়দের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল।

মঙ্গলবার (৯ জুন) সকালে স্থানীয়রা পতাকাটি ছেঁড়া অবস্থায় দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। আর্জেন্টিনা সমর্থকদের অভিযোগ, এটি শুধু একটি পতাকা নয়, বরং তাদের আবেগ ও ভালোবাসার প্রতীক। পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে তারা মনে করছেন।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই কর্মকাণ্ডকে নিন্দনীয় ও দুঃখজনক উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক তানভীর বলেন, আমরা খেলাধুলাকে ভালোবাসি এবং সেই ভালোবাসা থেকেই পতাকাটি টানিয়েছিলাম। কেউ যদি এটি ছিঁড়ে ফেলে থাকে, তাহলে তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় কাজ।

আর্জেন্টিনা ফ্যানস ক্লাব সুনামগঞ্জ এর এডমিন সৈয়দ রায়হান বলেন, বিশ্বকাপে নিজেদের পছন্দের দলকে সাপোর্ট করা যার যার ব্যাক্তিগত ব্যাপার৷ এখানে আমাদের সমর্থন করা দলের পতাকা ছিড়ে ফেলা হয়েছে। এটা খুব দুঃখজনক।  আমরা চাই সবাই যাতে অসুস্থ সমর্থক না হই। সবাইকে আহ্বান জানাবো এমন কাজ যাতে ভবিষ্যতে না করেন।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, বিশ্বকাপ, আর্জেন্টিনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ