তালিকায় আওয়ামী লীগ নেতারা, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ২:৫৫ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওরের ফসলহারা কৃষকদের সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ঘনিষ্ঠ ও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের এই সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুন) উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মিলন খান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের উপজেলা নেতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন দোয়ারাবাজার উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ।
স্থানীয় সূত্র জানায়, সহায়তাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সোনা মিয়া, তাঁর শ্যালক ও যুবলীগ নেতা উসমান গনি, ছেলে আওয়ামী লীগ নেতা আল মামুন এবং আল মামুনের শ্বশুর আবদুল হান্নান। এ ছাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও সাবেক ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদের বাবা শহিদ মিয়াও সহায়তা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা বলছেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী ও চেয়ারম্যানের ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁরা তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন।
চেয়ারম্যান মিলন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, 'ইউনিয়ন কমিটির দেওয়া তালিকা অনুযায়ী সহায়তা বিতরণ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।' নিষিদ্ধ সংগঠনের নেতাকে অতিথি করার বিষয়ে চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও তিনি জানান।
সুনামগঞ্জ, দোয়ারাবাজার, অনিয়ম, আওয়ামী লীগ