০৬ জুন ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিশ্বকাপ ফুটবল ২০২৬

মেসির চোটে দুশ্চিন্তা, তবে আশাবাদী বার্তা দিলেন স্কালোনি

ভয়েস স্পোর্টস ডেস্ক

প্রকাশঃ ৬ জুন, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন


মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল। সেখানেই আসন্ন আসরকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির চোট নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও আশাবাদী বার্তা দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।


আর্জেন্টিনা কোচ জানিয়েছেন, মেসি চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন এবং ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনের কিছু অংশে অংশ নিচ্ছেন। স্কালোনির ভাষায়, “লিও ভালো আছে, সে ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনের কিছু অংশ করেছে, যা খুবই ইতিবাচক। এখন সে আলাদা করে অনুশীলন করছে না।”


এর আগে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মিয়ামির ম্যাচে পেশিতে টান পেয়ে মাঠ ছাড়েন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ওই ম্যাচে ১০ গোলের জয় পেয়েছিল মেসির দল। এরপরই বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা দেয় আর্জেন্টিনা শিবির ও সমর্থকদের মধ্যে।


তবে স্কালোনি জানিয়েছেন, মেসি দ্রুতই ম্যাচ ফিটনেসে ফিরতে পারেন। আসন্ন প্রস্তুতি ম্যাচে তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য খেলাতেও দেখা যেতে পারে। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের একটিতে মাঠে নামতে পারেন তিনি।


কোচ আরও জানান, মেসির সঙ্গে তার আলাপও হয়েছে। স্কালোনি হাসতে হাসতে বলেন, তিনি মেসিকে দলে থাকার কথা জানালে মেসি প্রথমে নিশ্চিত হতে চেয়েছিলেন যে তাকে স্কোয়াডে রাখা হয়েছে কি না। পরে স্কালোনি তাকে নিশ্চিত করেন—সে দলে আছে।


তিন দেশের মাটিতে আয়োজিত আসন্ন বিশ্বকাপ হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।


আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

আর্জেন্টিনা, লিওনেল মেসি, লিওনেল স্কালোনি, বিশ্বকাপ ২০২৬, মেসির চোট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ