৩১ জুলাই ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

তারেক রহমান সরকার বেশিদিন চালাতে পারবেন না: নাসিরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩১ জুলাই, ২০২৬ ৪:২৭ অপরাহ্ন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারেক রহমান সরকার চালাইতে পারবে না বেশিদিন।

আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পদযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, দেশে বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট ও জ্বালানি সংকট চলছে এবং কৃষি কার্ডসহ বিভিন্ন কার্ড সাধারণ মানুষের বদলে বিএনপির লোকজন পাচ্ছেন। তিনি বলেন, আমাদের অর্থনৈতিক স্থবিরতা নেমে এসেছে। মালয়েশিয়ায় শ্রমবাজার প্রত্যাশিতভাবে উন্মুক্ত না হওয়া এবং চীন সফরে প্রত্যাশিত চুক্তি না হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বরাবরই উনি ক্ষমতা চালাইতে ব্যর্থ। এবং এই ব্যর্থতার পাল্লা দিন দিন ভারী হচ্ছে।

এনসিপির এই নেতা দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে রাত আটটা থেকে বারোটা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং এতে বিএনপির নেতা তারেক রহমান প্রকাশ্যে নেতৃত্ব দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

পাটওয়ারী বলেন, নির্বাচনের সময় তাঁদের দলের তিনটি প্রধান এজেন্ডা ছিল একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন, রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন এবং আওয়ামী লীগ আমলের অপরাধের বিচার। তিনি বলেন, ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে সংস্কারের পক্ষে রায় দিয়েছেন উল্লেখ করে হুঁশিয়ারি দেন, বিএনপিও যদি এই সংস্কারে যে ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছে এটার বিরুদ্ধে যদি দাঁড়ায় তাহলে জনগণের সামনে বিএনপির পতন হবে।

বিচারের প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে আওয়ামী লীগের কথিত সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং সরকার তাদের বিচারের আওতায় আনছে না। এ প্রসঙ্গে কক্সবাজারে ছাত্রলীগ-যুবলীগের মিছিলের কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ উসমান হাদী, আবু সাঈদ ও মুগ্ধর হত্যাকারীরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন, অথচ তাঁদের পরিবার বিচারের জন্য কাঁদছে।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রশ্নেও কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, রাষ্ট্রপতিকে অপসারণ অথবা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে তাঁরা সব রাজনৈতিক দলের কাছে গিয়েছিলেন, কিন্তু কেউ রাজি হয়নি। তিনি দাবি করেন, বিএনপি শেখ হাসিনার আমলের সংবিধান বহাল রাখার পক্ষে থাকায় তাঁদের ওই সংবিধানের অধীনেই শপথ নিতে হয়েছিল। তিনি বলেন, চুপ্পুর হাতে শপথ নেওয়া প্রয়োজন ছিল না। সেটা বিএনপির কারণে হয় নাই।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, এনসিপি, রাজনীতি, নাসীরুদ্দীন পাটওয়ারী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ