
হবিগঞ্জে হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ দায়েরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পদযাত্রা ও সমাবেশে যাওয়ার আগে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মামলায় ছিনতাইয়ের অভিযোগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, আমরা শুনলাম ছিনতাই মামলা হয়েছে। আসলে ছিনতাই একটা হয়েছে। ছিনতাইটা হয়েছে তারেক রহমান এবং বিএনপির মান-সম্মানের। তারা তাদের কাজের মধ্য দিয়েই সেই মান-সম্মান ছিনতাই করেছে। এখন বাংলাদেশের মানুষের সামনে তাদের মুখ দেখানোর মতো অবস্থা নেই।
তিনি আরও বলেন, ছাত্রদের ওপর এ ধরনের আচরণ করার পরও তারা আবার এমন কাজ করছে, যা মানুষের কাছে হাসির খোরাক হচ্ছে। এটা তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থারই বহিঃপ্রকাশ।
বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, বর্তমানে বিএনপি আমাদেরকে কেন্দ্র করে যেভাবে বাধা দেওয়ার, প্রতিরোধ করার, গলা টিপে ধরার চেষ্টা করছে, সেটা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো। তাদের তো ওইটুকুই ছিল, এখন সেটুকুও করতে পারছে না।
মামলা দায়েরের বিষয়টি নিয়েও মন্তব্য করেন তিনি। সারজিস আলম বলেন, আমি শুধু এটাই চিন্তা করি, যেখানে মামলাটা নেওয়া হলো, যে মামলাটা লিখেছে, সেও হয়তো মনে মনে তাদের গালি দিচ্ছিল, যারা তাকে এই মামলা লিখতে বাধ্য করেছে।
শেয়ার করুনঃ
রাজনীতি থেকে আরো পড়ুন
সিলেট, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, সারজিস আলম


