৩১ জুলাই ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / জুলাই গণঅভ্যুত্থান

ফিরে দেখা জুলাই অভ্যুত্থান

শাবিপ্রবি থেকে সুবিদবাজার যেভাবে পুলিশি হামলার মুখে পড়ে ‘মার্চ ফর জাস্টিস’

বিশেষ প্রতিবেদক

প্রকাশঃ ৩১ জুলাই, ২০২৬ ১:১০ অপরাহ্ন


২০২৪ সালের ৩১ জুলাই। সারা দেশে ছাত্রহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম-খুনের প্রতিবাদে এবং জাতিসংঘের তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী মার্চ ফর জাস্টিসের ডাক দেয়। সিলেটেও এদিন এই কর্মসূচি ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা নগরী।

সকাল ১১টা থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক শহীদ রুদ্র তোরণের সামনে জড়ো হতে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে প্রধান ফটকে অবস্থান নেন।

একই সময়ে বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষক ‘নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ’ ব্যানারে ক্যাম্পাসের চেতনা ৭১-এর সামনে সমবেত হয়ে মিছিলযোগে প্রধান ফটকে আসেন। এ সময় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, শিক্ষক হিসেবে আমি লজ্জিত, আমার মনে হচ্ছে যে শিক্ষার্থীরা মারা গেছে, তাদের মৃত্যুর সংবাদ শোনার আগে আমার কেন মৃত্যু হলো না।

দুপুর গড়ানোর আগেই ‘মার্চ ফর জাস্টিস’-এ অংশ নিতে শিক্ষার্থীদের ভিড় ক্রমেই বাড়তে থাকে। পরিকল্পনা ছিল, বিশ্ববিদ্যালয় ফটক থেকে এই পদযাত্রা নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট অভিমুখে যাবে, যাতে নগরবাসীকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সম্পৃক্ত করা যায়।

দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা পদযাত্রা নিয়ে সিলেট নগরীর অভিমুখে ‘মার্চ ফর জাস্টিস’ শুরু করেন। শুরুতে শতাধিক শিক্ষার্থীর এই মিছিল বিশ্ববিদ্যালয় গেট থেকে পাঠানটুলা এলাকা অতিক্রম করার আগেই কয়েকশ বিক্ষোভকারীর বিশাল মিছিলে পরিণত হয়।

সাড়ে ১২টার দিকে মিছিল সুবিদবাজার মোড়ে পৌঁছালে পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে বাধা সৃষ্টি করে। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা ও হাতাহাতিও হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পদযাত্রা নিয়ে সামনে অগ্রসর হতে থাকেন।

এ সময় পেছন থেকে এবং রাস্তার পাশ থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এতে আহত হন অজস্র শিক্ষার্থী।


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

সিলেট, জুলাই অভ্যুত্থান, কোটা আন্দোলন, শিক্ষার্থী, শাবিপ্রবি, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ