সিলেট-তামাবিল মহাসড়কে বিজিবির গাড়ির ধাক্কায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত
দৈনন্দিন
প্রকাশঃ ৩১ জুলাই, ২০২৬ ৩:১৩ অপরাহ্ন
সিলেট-তামাবিল মহাসড়কে বিজিবির একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকার সরুফৌদ পাথরঘাটা মসজিদসংলগ্ন স্থানে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের নাম সাদ্দাম হোসেন (৩৫)। রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা সাদ্দাম বিকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।
কোম্পানির টাকা জৈন্তাপুরের একটি এটিএম বুথে জমা দিয়ে মোটরসাইকেলে নিজের কর্মএলাকা দরবস্তের দিকে ফিরছিলেন সাদ্দাম। ঠিক তখনই সিলেটের আখালিয়া থেকে নিয়মিত সীমান্ত টহলে বের হওয়া ৪৮ বিজিবির একটি দল তামাবিলের উদ্দেশে যাচ্ছিল।
৪ নম্বর দরবস্ত ইউনিয়নের সারিঘাট এলাকায় পাথরঘাটা মসজিদের কাছাকাছি এসে বিজিবির গাড়ি (নিবন্ধন নম্বর: সিলেট হ-১১-০০৩২) ও সাদ্দামের মোটরসাইকেলের (নিবন্ধন নম্বর: ঢাকা মেট্রো-হ-৭৫-০১৯৮) মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের ধকল সামলাতে পারেননি সাদ্দাম, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে।
সিলেট তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে ময়নাতদন্ত শেষ হলে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।