০৬ জুন ২০২৬

ব্যবসা-বাণিজ্য / বাজারদর

ফের কমল সোনার দাম

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৬ জুন, ২০২৬ ১২:৩১ অপরাহ্ন


দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনা (পাকা সোনা) ও রুপার দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।


নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা কমে হয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা।


এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা করা হয়েছে।


সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ২৪৯ টাকায়, যা আগের তুলনায় ৪০৮ টাকা কম। ২১ ক্যারেটের রুপার দাম কমে হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা।


এর আগে গত ২ জুনও সোনার দাম কমিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে অন্যান্য ক্যাটাগরির সোনার দামও কমানো হয়।


তবে চলতি বছরের শুরুতে সোনার বাজার ছিল ঊর্ধ্বমুখী। গত ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড গড়ে।


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

সোনার দাম, সোনার দাম কমেছে, বাজুস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ