বিশ্বকাপের আগে জার্মান শিবিরে দুঃসংবাদ
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৬ জুন, ২০২৬ ১:২৮ অপরাহ্ন
বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল জার্মানি। দলের তরুণ মিডফিল্ডার লেনার্ট কার্ল অনুশীলনে গুরুতর পেশির চোট পেয়ে ছিটকে গেছেন ২০২৬ বিশ্বকাপ থেকে।
শুক্রবার জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, অনুশীলনের সময় পেশিতে গুরুতর চোট পান ১৮ বছর বয়সী এই ফুটবলার।
কার্লের বদলে বিশ্বকাপ দলে ডাকা হয়েছে আসান ওয়েদ্রাওগোকে।
জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান জানিয়েছেন, ম্যাচপূর্ব অনুশীলনেই লেনি কার্ল চোটে পড়েন। তিনি বলেন, “এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। তবে প্রথম দেখায় বিষয়টি খুব একটা ভালো মনে হয়নি।”
বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে জার্মানি। সেই ম্যাচের আগের অনুশীলনেই চোট পান কার্ল। আগামী ১৪ জুন কুরাসাওর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ ফর্মে ছিলেন কার্ল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ গোল করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতার রেকর্ডও গড়েন এই তরুণ মিডফিল্ডার। মার্চে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। গত সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে ৪–০ ব্যবধানে জয়ের ম্যাচে শুরুর একাদশেও ছিলেন কার্ল।
এদিকে গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলানোর ঝুঁকি নিতে চান না কোচ নাগেলসমান। গত মাসে ক্লাব ফুটবলে কাফ ইনজুরিতে পড়া ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে থাকার পর বিশ্বকাপের দলে ফিরেছেন।
ইউরো ২০২৪–এর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন নয়ার। তবে বিশ্বকাপের আগে আবারও তাকে দলে ফেরায় জার্মানি। তার অনুপস্থিতিতে গোলবার সামলেছেন অলিভার বাউমান, যিনি ফিনল্যান্ডের বিপক্ষেও ছিলেন শুরুর একাদশে।
জার্মানি বিশ্বকাপ ২০২৬, লেনার্ট কার্ল ইনজুরি, ডিএফবি বিবৃতি, ইউলিয়ান নাগেলসমান, জার্মানি জাতীয় দল