১৭ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবিতে বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা মেলা অনুষ্ঠিত

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ১৭ মে, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দ্বিতীয়বারের মতো বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনে এ মেলার আয়োজন করা হয়। 

 

মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

 

আয়োজক সূত্রে জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর প্রথমবার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক শিক্ষা ও গবেষণা সহযোগিতার জন্য পাকিস্তানের দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়।

 

মতবিনিময় সভায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, ‘গত বছরে বাংলাদেশের ৭৪ জন শিক্ষার্থীকে আমাদের দেশে স্কলারশিপ কর্মসূচির আওতায় স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এই উদ্যোগ দুই দেশের মধ্যে জ্ঞান, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ বিষয়ে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর সঙ্গেও আমার আলোচনা হয়েছে এবং তিনি উদ্যোগটির প্রশংসা করেছেন । আমরা আশা করি, ভবিষ্যতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

 

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ একাডেমিক পরিবেশ গড়ে তুলতে চাই। সাম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের যে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে, তা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের সার্বিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমরা একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী। আমরা বিশ্বাস করি, গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক কার্যক্রমে বৈশ্বিক সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

 

সভায় উপস্থিত ছিলেন শাবিপ্রবির সহ-উপাচার্য সাজেদুল করিম, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, আন্তর্জাতিক কেন্দ্রের পরিচালক মনিরুল ইসলাম প্রমুখ।‎


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, বাংলাদেশ-পাকিস্তান, শিক্ষা মেলা, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ