জৈন্তাপুরে একটি বাড়ি থেকে ভারত ফেরত তেরোজনসহ আটক ১৪
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৭ মে, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে একটি বাড়ি থেকে ভারত ফেরত নয় নারীসহ ১৩জনকে আটক করেছে পুলিশ। এসময় স্থানীয় এক দালালকেও আটক করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের উজানী নগর গ্রামের আব্দুল করিমের বাড়ি থেকে তাদেরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশের সোপর্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
আটক হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ক্ষেত্রপাশা গ্রামের আলকাছ মিয়ার ছেলে মো. তানজিম উদ্দিন (২৮), পিরোজপুর জেলার জিয়ানগর থানার বালিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. হাফিজুর রহমান (৩৯), খুলনা জেলার ৫নং মাছঘাট সদর গ্রামের নজরুল শেখের ছেলে মো. হাসান (২৬), একই এলাকার কামাল শেখের স্ত্রী নুরজাহান খাতুন (৩৫), মেহেদী হাসানের স্ত্রী এশা আক্তার (২৫), ৫নং মাছঘাট গ্রামের মো. হাসানের স্ত্রী সুমি খাতুন (২২), একই এলাকার নওসুফ গাজীর স্ত্রী সোনিয়া বেগম (৩০), মো. হাসানের ছেলে শিশু সন্তান হামজা শেখ, রাজধানী ঢাকার ডেমরা থানার সারুলিয়া গ্রামের নবীন খানের স্ত্রী আমেনা আক্তার পলি (৩৩)।
সাতক্ষীরা জেলার জুলীন পাড়া গ্রামের রোকনুজ্জামানের মেয়ে নাসরিন আক্তার (২৩), একই জেলার সুলতানপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে সিমরান সুলতানা (২৫) নেয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সাখাওয়াত উল্লাহর স্ত্রী রুমি আক্তার (৩৫), যশোর জেলার বাঘারপাড়া থানার বন্ধ ভিলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সবুরুন নেছা (৪৫)।
এসময় জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর গ্রামের সাহেব মিয়ার ছেলে মো. হানিফ মিয়াকেও (৩৫) আটক করা হয়। তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নিজপাট ইউনিয়নের উজানী নগর গ্রামের আব্দুল করিমের তিনতলা বাড়ি হতে স্থানীয় লোকজন ১৪জনকে আটক করে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ভারত ফেরত ১৩জন নারী পুরুষকে একটি বাড়ি থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
তিনি বলেন, আটকদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তারা অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরে জৈন্তাপুরের একটি বাড়িতে অবস্থান করছিলেন। যার মাধ্যমে দেশে ফিরেছেন সেই দালালকেও আটক করা হয়েছে।
জৈন্তাপুর, ভারত ফেরত, আটক