০৭ মে ২০২৬

দেশজুড়ে

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৭ মে, ২০২৬ ১:১৮ অপরাহ্ন


নেত্রকোনার মদন উপজেলায় ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।


এর আগে বুধবার সন্ধ্যায় মদন থানা–পুলিশ গ্রেপ্তার হওয়া সাগরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলার বিভিন্ন দিক নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।


এর আগে বুধবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনামপুর এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে র‌্যাব-১৪ সাগরকে গ্রেপ্তার করে। পরে দুপুরে ময়মনসিংহে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, গ্রেপ্তার এড়াতে সাগর বিভিন্ন স্থানে আত্মগোপন করছিলেন। তিনি মোবাইল ফোন ব্যবহারও বন্ধ রেখেছিলেন। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।


র‌্যাব জানায়, গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় সাগর নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তবে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।


মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে অভিযুক্ত শিক্ষক একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী শিশুটি সেখানে পড়াশোনা করত এবং নানাবাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে তার মা বাড়িতে এসে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষার পর চিকিৎসকেরা শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরে শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন। এদিকে শিশুটির শারীরিক পরীক্ষা করা চিকিৎসককে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 


এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।


র‌্যাব আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ডিএনএ রিপোর্ট ছড়িয়ে পড়েছে, সেটি যাচাই করা হয়নি এবং এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।


শেয়ার করুনঃ

দেশজুড়ে থেকে আরো পড়ুন

নেত্রকোনা, মদন, মাদ্রাসাছাত্রী, ধর্ষণ মামলা, আমানুল্লাহ সাগর, অন্তঃসত্ত্বা শিশু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ