০৭ মে ২০২৬

দেশজুড়ে

পাথর কোয়ারি ইজারার পরিকল্পনা সরকারের

ভয়েস ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ৭ মে, ২০২৬ ২:৫৪ অপরাহ্ন


সিলেট ও সুনামগঞ্জের পাথর ও বালুমিশ্রিত কোয়ারিগুলো পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে সীমিত আকারে ইজারা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে ‘সিলেট বিভাগের পাথর ও বালুমিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয়’ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এ তথ্য জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জের কোয়ারিগুলো নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন, খনিজ সম্পদ আইন এবং বিদ্যমান বিধিমালা অনুসরণ করে কোথায় সীমিত আকারে পাথর উত্তোলন করা যেতে পারে, তা নির্ধারণে একটি সমন্বিত জরিপ চালানো হবে।


তিনি জানান, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) ঘোষিত জাফলংসহ সংবেদনশীল এলাকাগুলো এ প্রক্রিয়ার বাইরে থাকবে। এসব অঞ্চল বাদ দিয়ে অন্যান্য স্থানে নিয়ন্ত্রিতভাবে কোয়ারি ইজারা দেওয়ার সম্ভাবনা যাচাই করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এ উদ্দেশ্যে সিলেটের বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কমিটিতে সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পানি সম্পদ মন্ত্রণালয়, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খনিজ সম্পদ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।


সালাহ উদ্দিন আহমদ বলেন, কমিটি সরেজমিনে বিভিন্ন কোয়ারি পরিদর্শন করবে। কোথায় নদীতে পাথর ও বালু জমে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, কোথায় নদীভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে—এসব বিষয়ও মূল্যায়ন করা হবে। পাশাপাশি কতটুকু গভীরতা পর্যন্ত পাথর উত্তোলন করলে পরিবেশের ক্ষতি কম হবে, সে বিষয়ে সুপারিশ দেবে কমিটি।


তিনি আরও জানান, বিছানাকান্দি, ভোলাগঞ্জ ও সাদাপাথরের মতো জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর বিষয়টিও আলাদাভাবে বিবেচনায় নেওয়া হবে।


শেয়ার করুনঃ

দেশজুড়ে থেকে আরো পড়ুন

সিলেট পাথর কোয়ারি, সুনামগঞ্জ পাথর, সালাহ উদ্দিন আহমদ, পরিবেশ সংরক্ষণ, সীমিত ইজারা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ