পর্যটকদের নিরাপত্তা জোরদারে ডিসিদের নির্দেশ
দেশজুড়ে
প্রকাশঃ ৪ মে, ২০২৬ ২:৪৭ অপরাহ্ন
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে দেশের পর্যটন খাতের উন্নয়ন ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে আগত দর্শনার্থীরা যাতে কোনো ধরনের ঝুঁকি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, দেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে জেলা পর্যায়ে থাকা সম্ভাবনাময় পর্যটন স্থানগুলো উন্নয়ন ও সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। নতুন নতুন গন্তব্যকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে স্থানীয় প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো পর্যালোচনা করে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেবে মন্ত্রণালয়। “মাঠ পর্যায় থেকে যে পরিকল্পনাগুলো আসবে, সেগুলো বাস্তবায়নে আমরা সহায়তা করব,” বলেন তিনি।
পর্যটকদের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “দর্শনার্থীরা যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন, সেটি নিশ্চিত করতে বলা হয়েছে।” পর্যটন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কক্সবাজারসহ জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সুরক্ষার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, দেশের পর্যটন খাতকে একটি শক্তিশালী শিল্পে পরিণত করতে সরকার কাজ করছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকেও উৎসাহিত করা হচ্ছে।
বিমানবন্দর উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আঞ্চলিক বিমানবন্দরগুলোকে আরও কার্যকর করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে নতুন সুযোগ তৈরি হলে তা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
পর্যটন নিরাপত্তা, ডিসি সম্মেলন, পর্যটনমন্ত্রী, আফরোজা খানম রিতা, বাংলাদেশ পর্যটন, কক্সবাজার, পর্যটন উন্নয়ন, জেলা প্রশাসক নির্দেশ, ভ্রমণ নিরাপত্তা, পর্যটন খাত, বাংলাদেশ ট্যুরিজম, নিরাপদ ভ্রমণ