সিলেটে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু
সিলেটজুড়ে
প্রকাশঃ ৭ মে, ২০২৬ ৩:৩০ অপরাহ্ন
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে এ বছর এখন পর্যন্ত বিভাগে হামের উপসর্গ ও আক্রান্ত হয়ে মোট ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (৭ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মৃত শিশু সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর গ্রামের বাসিন্দা ছিল। বুধবার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আটজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে আরও ৬৬ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৩৩ জন হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৯২ জন ভর্তি রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
এদিকে হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা নজরদারি জোরদার করেছেন।
সিলেট হাম পরিস্থিতি, সিলেট শিশু মৃত্যু, হাম রোগ সিলেট, শহীদ শামসুদ্দিন হাসপাতাল, সিলেট স্বাস্থ্য বিভাগ