হলে হামলার বিচার চায় শাবিপ্রবি ছাত্রদল
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৭ মে, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবাসিক হল থেকে ২০২৪ সালে সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা। উপাচার্যের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
এসময় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান এবং সাধারণ সম্পাদক নাঈম সরকারসহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২০২৪ সালের ২৬ আগস্ট কোনো উসকানি ছাড়াই হলের ভেতরে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর একদল বহিরাগত ও দুষ্কৃতকারী হামলা চালায়। এতে সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক হল ছাড়তে বাধ্য করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছিল বলে দাবি করা হয়।
শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবিরের মদদে বহিরাগতদের এনে শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হয়েছিল।
ছাত্রদল নেতারা উপাচার্যের কাছে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সিলেট, শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ছাত্রদল