সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে রাতে, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী
ধর্ম
প্রকাশঃ ৩ মে, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন
সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে আজ। রোববার রাত ১টা ২৫ মিনিটে ৪১৯ জন হজ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়ন করবে। রাত সাড়ে ৯টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এ বছর সিলেট থেকে ৭টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে একটি মনিলা এবং বাকি ছয়টি ফ্লাইট জেদ্দা এয়ারপোর্টে যাবে। এ বছর সিলেট অঞ্চলের হজ যাত্রী রয়েছেন ৩ হাজার ৩৯৪ জন। তার মধ্যে ২ হাজার ৯৩৩ জন যাত্রী সিলেট থেকে সরাসরি সাতটি ফ্লাইটে সৌদি আরব গমন করবে এবং অবশিষ্ট ৪৬১ জন যাত্রী ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যাবেন।
রোববার এ বিষয়ে হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেটের অঞ্চলের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বলা হয়-এবার ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ ও সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন হবে। কিন্তু সিলেট থেকে গমনকারী সকল হজযাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই সম্পন্ন হবে। এছাড়া প্রথম ফ্লাইট ব্যতীত বাকি ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এ বছর বাংলাদেশ থেকে সরকারী ও বেসরকারী হজ ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী রয়েছেন। সিলেট অঞ্চলে ৩০টি হজ এজেন্সী এ কার্যক্রমে যুক্ত থাকলেও এ বছর ২৩টি এজেন্সী হজের নিবন্ধনে অংশগ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-হাব সিলেটের জোনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, আটাবের সাবেক সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান, হাবের সাবেক চেয়ারম্যান আজহারুল কবির চৌধুরী সন্জু, আটাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।
হজ যাত্রী, সিলেট, ওসমানী বিমানবন্দর