০৩ মে ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

সিলেটে সড়ক দুর্ঘটনা: পুলিশ সদস্যের চোখে সেই বিভীষিকাময় মুহূর্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ মে, ২০২৬ ৩:২৯ অপরাহ্ন


সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় নতুন করে উঠে এসেছে প্রত্যক্ষদর্শীর বর্ণনায় হৃদয়বিদারক চিত্র। দুর্ঘটনার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্য রণজিৎ তালুকদার। তিনি বলেন, চোখের সামনে এমন মর্মান্তিক দৃশ্য জীবনে খুব কমই দেখেছেন তিনি।


রোববার (৩ মে) ভোরে দায়িত্ব পালনকালে ঘটনাটি প্রত্যক্ষ করেন রণজিৎ তালুকদার। তিনি জানান, তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের প্রটোকল ডিউটিতে ছিলেন। পথিমধ্যে তেলিবাজারের মারকাজ পয়েন্ট এলাকায় পৌঁছালে একটি কাঁঠালবোঝাই ট্রাক শ্রমিকবাহী একটি পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়।


রণজিৎ তালুকদার বলেন, “ধাক্কার সঙ্গে সঙ্গেই পিকআপে থাকা ৮-৯ জন যাত্রী পাখির বাচ্চার মতো ছিটকে পড়ে যায়। তাদের মধ্যে দুইজন নারীও ছিলেন। ঘটনাটি এত দ্রুত ঘটে যে কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।”


তিনি আরও বলেন, দুর্ঘটনা ঘটার পরপরই তিনি নিজের গাড়ি থামিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন এবং সুরমা থানাকে বিষয়টি জানান। দ্রুত সময়ের মধ্যে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।


দুর্ঘটনার কারণ সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে এই পুলিশ সদস্য বলেন, “আমার মনে হয়েছে ট্রাকটি মূল চালক নয়, হেল্পার চালাচ্ছিল। তার চোখ দেখে মনে হয়েছে সে ঘুমে আচ্ছন্ন ছিল।”


এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। নিহতরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইদ্রিস আলীর স্ত্রী নার্গিস, দিরাই উপজেলার বসির মিয়ার মেয়ে মুন্নি মনি, নূর সালামের ছেলে ফরিদুল ও মৃত ফকরুল আলীর ছেলে সুরুজ আলী এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের কুঠির বিশ্বাসের ছেলে পাণ্ডব বিশ্বাস ও পুটামারা গ্রামের সুজাত আলীর ছেলে বদরুল জামান, সুনামগঞ্জ উপজেলার বিশ্বম্ভরপুর উপজেলার আজির উদ্দিন ও তার ভাই আমির উদ্দিন।


আর আহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রফিক মিয়ার ছেলে আলমগীর, সুনামগঞ্জের দিরাই উপজেলার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া, একই এলাকার মৃত শুক্কুর উল্লাহর ছেলে তুরাব উল্লাহ, মৃত আলীম উদ্দিনের ছেলে রামিন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রাবু বেগম, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামের বদরুজ্জামানের স্ত্রী হাফিজা বেগম।


এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফেরা শ্রমিকরা জানান ভোর ৬টায় নগরের আম্বরখানা এলাকা থেকে লালাবাজারের এক বাড়ির মালিক তাদেরকে ঢালাই কাজ করার জন্য একটি ডিআই পিকআপভ্যানে করে রওনা দেন প্রায় ১৫ জন শ্রমিক। লালাবাজারে পৌছার আগেই পথে ঘটে যায় ভয়াবহ এই দুর্ঘটনা।


দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বলেন, ‘সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তারা সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।


এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আটজন মারা গিয়েছেন ৪ জন স্পটে আর বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া যারা  এই দুর্ঘটনায় আহত রয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থাটা আমরা আগে করছি। সবার আগে তাদের প্রাথমিক চিকিৎসা তারপর প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য যা করা প্রয়োজন সবই করা হবে বলেও জানান তিনি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট সড়ক দুর্ঘটনা, তেলিবাজার ট্র্যাজেডি, শ্রমিক নিহত সিলেট, দক্ষিণ সুরমা খবর, ট্রাক পিকআপ সংঘর্ষ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ