
সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত আটজনের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। রোববার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত ফখরুল আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেঁততি গ্রামের বসির মিয়ার মেয়ে মোছা. মুন্নি (২৬), ভাটিপাড়া নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫), ধর্মপাশা উপজেলার সরিবা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী নার্গিস (৪৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা এলাকার সুরত আলীর ছেলে মো. বদরুল জামান (৪০) এবং একই উপজেলার শিবপুর গ্রামের কুটির বিশ্বাসের ছেলে পাণ্ডব বিশ্বাস (২০)। বাকি দুইজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন লাবু (২২), আলমগীর (৩২), হাফিজা (২২), তুরাব মিয়া (৬৫), রাজা মিয়া (৫২), আফরোজ মিয়া (৫০)। এছাড়াও রহিম (৬০) নামের একজনকে মুমূর্ষু অবস্থায় নুরজাহান হাসপাতালের আইসিইউতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানা, একটি পিকআপে করে নির্মাণ শ্রমিকরা সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, সড়ক দুর্ঘটনা, নিহত, পরিচয়,


