সিলেটে এসএসসি পরীক্ষায় বসছে ৮৯ হাজার ৬৪৩ শিক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন
সিলেট বিভাগে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার বিভাগজুড়ে ৮৯ হাজার ৬৪৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৬৫০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৯৯৩ জন। বিভাগভিত্তিক হিসেবে মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সর্বাধিক ৫৮ হাজার ১৯৯ জন। এ বিভাগে ছাত্র ২৩ হাজার ৮৮ জন এবং ছাত্রী ৩৫ হাজার ১১১ জন।
বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী রয়েছে ২৫ হাজার ১৯১ জন। এর মধ্যে ৯ হাজার ৫১০ জন ছাত্র এবং ১৫ হাজার ৬৮১ জন ছাত্রী। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ৬ হাজার ২৫৩ জন এর মধ্যে ছাত্র ৩ হাজার ৫২ জন এবং ছাত্রী ৩ হাজার ২০১ জন।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট জেলায় সবচেয়ে বেশি ৩৫ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মৌলভীবাজারে ১৯ হাজার ৯৪৮ জন, সুনামগঞ্জে ১৮ হাজার ৪২২ জন এবং হবিগঞ্জে ১৫ হাজার ৮১৮ জন পরীক্ষার্থী রয়েছে।
এবার সিলেট বিভাগে মোট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২২৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে। এর মধ্যে সিলেট জেলায় ৯৪টি কেন্দ্র, সুনামগঞ্জে ৪৫টি, হবিগঞ্জে ৪৯টি এবং মৌলভীবাজারে ৩৭টি কেন্দ্র রয়েছে।
সিলেট মাধ্যমিক শিক্ষা বোর্ডেরে চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
এছাড়া শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মোবাইল ফোনসহ নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনারও আহ্বান জানানো হয়েছে।
সিলেট, এসএসসি, পরীক্ষা, শিক্ষা, শিক্ষার্থী