শাবিপ্রবিতে শিক্ষার্থীকে কুপ্রস্তাব ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২২ জুলাই, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্রী। সম্প্রতি ‘সাস্ট আপডেট’ নামে একটি ফেসবুক পেইজে টিউশন বিজ্ঞপ্তির নিচে আগ্রহ প্রকাশ করে নিজের নাম মন্তব্য হিসেবে লেখেন। এরপর পেইজের অ্যাডমিনদের পক্ষ থেকে তার ব্যক্তিগত ফোন নম্বর চাওয়া হলে তিনি তা প্রদান করেন। কিন্তু নম্বরটি প্রকাশ পাওয়ার পরই ঘটে বিপত্তি।
গত ২৪ জুন রাত ৮টা ১ মিনিটে ‘০১৫৮০৮৮১৮১২’ নম্বর থেকে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়। প্রথমে তাকে চাকরির লোভ দেখানো হয় এবং পরবর্তীতে কুরুচিপূর্ণ, অশালীন ও কুপ্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে অভিযুক্ত ব্যক্তি। এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষার্থী।
মানববন্ধনে অংশ নিয়ে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী খলিলুর রহমান চাঁদ বলেন, ‘‘সাস্ট আপডেট পেইজের অ্যাডমিনরা যদি ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে না পারে, তবে তারা কেন সাধারণ শিক্ষার্থীদের নম্বর সংগ্রহ করবে? আমাদের স্পষ্ট দাবি যে নম্বর থেকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে, তাকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সাস্ট আপডেট পেইজের অ্যাডমিনদেরও জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।’’
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত মোবাইল নম্বরটিতে (০১৫৮০৮৮১৮১২) একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে ‘সাস্ট আপডেট’ পেইজের অন্যতম অ্যাডমিন রাহিন ইসলাম তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমরা টিউশন সম্পর্কিত পোস্ট করার পর সাধারণ শিক্ষার্থীরা সেখানে কমেন্ট করেন। সেখান থেকে তৃতীয় কেউ নম্বর সংগ্রহ করলে তার দায়ভার আমাদের ওপর বর্তায় না। আমরা ব্যক্তিগতভাবে কারো নম্বর চাইনি কিংবা পোস্টেও কমেন্ট করতে বাধ্য করিনি।’
তিনি আরও যোগ করেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী ঘটনাটি জানানোর পর আমি নিজেই এর প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছিলাম। এতদিন পর নতুন করে যদি আমার দিকে অভিযোগ তোলা হয়, তবে আমি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।’
সিলেট, শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়