জগন্নাথপুরে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ২২ জুলাই, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তার রাজমনি সিংহ এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে সুনামগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা ও সিলেট বিভাগীয় সমবায় দপ্তর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার বিভিন্ন নিবন্ধিত মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিরা।
অভিযোগ সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা অসাধু উপায়ে সুবিধা হাসিল করে আসছেন। সমিতির নিবন্ধন প্রদান, অডিট সম্পন্ন করা, কমিটি অনুমোদন ও নবায়নসহ অফিসের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় তিনি মোটা অঙ্কের ঘুষ দাবি করেন।
অভিযোগকারীদের দাবি, চাহিদামতো ঘুষের টাকা না দিলে সাধারণ সমবায়ীদের নানাভাবে হয়রানি ও ফাইল আটকে রাখেন ওই কর্মকর্তা। তাছাড়া তিনি সমিতি অডিট করতে ১০/১৫ হাজার টাকা দাবি করেন।
তাদের অভিযোগ, টাকা না দিলে সমিতি বাতীল করে দিবেন বলে ভয় ভীতি দেখান। এমন পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ জন প্রতিনিধি একজোট হয়ে সুনামগঞ্জ জেলা সমবায় কর্মকর্তার কাছে এ লিখিত অভিযোগ দায়ের করেন।
জগন্নাথপুর উপজেলার সুপার মাহমুদপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বিধু নমঃশূদ্র বলেন, ‘সমবায় অফিসের অনিয়ম ও ঘুষ বাণিজ্যের কারণে প্রকৃত মৎস্যজীবীরা আজ দিশেহারা। অফিসের সেবা নিতে গেলেই ঘুষ দিতে হয়। বাধ্য হয়েই আমরা ২৩ জন সমিতির সভাপতি ও সম্পাদক এক হয়ে সুনামগঞ্জ জেলা সমবায় কর্মকর্তার কাছে সুবিচারের আশায় লিখিত অভিযোগ জমা দিয়েছি।’
লিখিত অভিযোগে প্রতিনিধিরা দ্রুত এই সমবায় রাজ মনি সিংহ কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসঙ্গে জগন্নাথপুর উপজেলার সমবায় কার্যক্রমকে দুর্নীতিমুক্ত করার দাবিও জানান তারা।
জগন্নাথপুর রৌয়াইল দক্ষিণ পাড়া কুশিয়ারা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য নরেশ দাস বলেন, ‘আমি সিলেট বিভাগীয় সমবায় কার্যলয়ে একটি অভিযোগ দায়ের করি। জগন্নাথপুর সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ আমাদের সমিতি করে দিবেন বলে ৪২ হাজার টাকা নিয়েছেন। টাকা নিয়েও আমাদের কাজ করেনি। আমরা বিচার চাই।’
জগন্নাথপুর উপজেলা মৎস্যজীবী মনোরঞ্জন সরকার বলেন, ‘জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, ঘুষ ছাড়া কোন কাজ করেন না। আমাদের মৎস্যজীবীদের সাথে বাজে কথা বলেন। আমরা অন্যত্র বদলী চাই।’
এদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই কর্মকর্তা রাজ মনি সিংহ। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগটি করা হয়েছে আমি জানি না, অভিযোগটি সত্য নয়।’
জেলা সমবায় কার্যালয়ের সুনামগঞ্জ জেলা কর্মকর্তা মাহিদুল ইসলাম ইকবাল বলেন, ‘অভিযোগ পেয়েছ। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জগন্নাথপুর, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, অনিয়মের অভিযোগ, ঘুষ-বাণিজ্য, অভিযোগ