ওসমানীনগরে পাঁচ ফার্মেসিকে ৭৫ হাজার টাকা জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ জুলাই, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে পাঁচটি ফার্মেসিকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার গোয়ালাবাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা। অভিযানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ড্রাগ সুপার সৌরভ কুমার কুণ্ডু।
অভিযানে গোয়ালাবাজার মেডিসিন সেন্টারকে ৩০ হাজার টাকা, মেসার্স ঊষা মেডিসিন সেন্টারকে ১৫ হাজার টাকা, মেসার্স বিবিয়ানা ফার্মেসিকে ১৫ হাজার টাকা, মেসার্স সেবা ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং রয়্যাল মেডিসিন সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা ড্রাগ সুপার সৌরভ কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনিবন্ধিত ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় পাঁচটি ফার্মেসিকে মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ওসমানীনগর, গোয়ালাবাজার, ভ্রাম্যমাণ আদালত, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ড্রাগ প্রশাসন