১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বিশ্বনাথে বন্ধুর কুড়ালের আঘাতে যুবক নিহত, গ্রেপ্তার

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট 

প্রকাশঃ ১৫ এপ্রিল, ২০২৬ ৭:০১ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথ উপজেলায় কুড়ালের আঘাতে শাহ আলম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান (৩৩) নামে তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১৫ এপ্রিল) বিকেল আনুমানিক আড়াইটার দিকে উপজেলার রামাপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামের পশ্চিম মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত শাহ আলম খাজাঞ্চী ইউনিয়নের প্রতাবপুর গ্রামের ছিফত উল্লাহর ছেলে। তিনি হানিফ শাহ মাজারের খাদিম হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বাড়িতে শাহ আলম পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিজানুর কুড়াল দিয়ে শাহ আলমকে এলোপাতাড়ি আঘাত করেন। 

 

হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শাহ আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে ঘটনার পর অভিযুক্ত মিজানুর রহমান পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত কুড়ালও জব্দ করা হয়।

 

নিহতের স্বজনদের অভিযোগ, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে।

 

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তার বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বিশ্বনাথ, সিলেট, কুড়ালের আঘাতে মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ