১৬ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সিলেটের শিক্ষায় প্রবাসীদের অর্থ বিনিয়োগের আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ এপ্রিল, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন

ছবিঃ ড. আ ন ম এহসানুল হক মিলন

সিলেট অঞ্চলের শিক্ষা উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলে শিক্ষা খাতে বিশেষ তহবিল গঠন করা গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

বুধবার (১৫ এপ্রিল) নগরের মেন্দিবাগ অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সিলেট ডলার ও পাউন্ডে এগিয়ে এটা সত্য। কিন্তু শিক্ষায়ও সিলেটকে এগিয়ে থাকতে হবে। তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটিরা চাইলে একটি সমন্বিত শিক্ষা তহবিল গঠন করতে পারেন, যা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, লন্ডন থেকে অর্থ পাঠিয়ে যদি একটি ‘সিলেট এডুকেশন ট্রাস্ট’ গঠন করা যায়, তাহলে এখানকার স্কুল-কলেজগুলোকে আধুনিকায়ন করা সম্ভব। এ ক্ষেত্রে সিলেটের সংসদ সদস্য ও মন্ত্রীদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সিলেট থেকে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান আসে বিশেষ করে গ্যাস ও প্রবাসী আয়ের মাধ্যমে। তাই এই অঞ্চলের মানুষকে শিক্ষার জন্য অন্যের কাছে হাত পাততে হবে এমন পরিস্থিতি থাকা উচিত নয়।

সভায় তিনি বলেন, সিলেটে প্রায় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও মানসম্মত শিক্ষার ক্ষেত্রে আরও উন্নতির সুযোগ রয়েছে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রবাসী সমাজ ও শিক্ষা সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে শুধু অর্থনীতিতে নয়, শিক্ষার মানদণ্ডেও দেশের শীর্ষ অঞ্চলে পরিণত করা সম্ভব হবে।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, ডেপুটি কমিশনার সারওয়ার আলম, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক  রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, শিক্ষামন্ত্রী, এহসানুল হক মিলন, প্রবাসী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ