২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

ধর্মঘট প্রত্যাহারের পর সিলেটে স্বাভাবিক জ্বালানি সরবরাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ এপ্রিল, ২০২৬ ৪:৩০ অপরাহ্ন


ডেপুটি কমিশনারের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় সিলেট বিভাগের পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের পর থেকে নগরীসহ বিভাগের বিভিন্ন স্থানে পাম্পগুলোতে তেল বিক্রি শুরু হয়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর সরবরাহ স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন পরিবহন চালক ও সাধারণ ভোক্তারা।

পাম্প মালিক ও শ্রমিক নেতারা জানান, প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের হয়রানি না করার আশ্বাস পাওয়ার পরই ধর্মঘট প্রত্যাহার করা হয়। ফলে তাৎক্ষণিকভাবে সব পাম্পে তেল ও গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।

চৌখিদেখি এলাকার নাভানা সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা বাবর আহমদ বলেন, সকাল থেকে সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছি গ্যাস পাই নাই এখন তাদের ধর্মঘট প্রত্যাহার করায় গ্যাস শুরু হয়েছে। 

এছাড়া উত্তর পেট্রোলিয়ামে আসা মোটরসাইকেল চালক আবেদ হাসান বলেন, অকটেন নাই পাম্পে তবুও পেট্রোল পাওয়া যাচ্ছে এটাই স্বস্তির। তেল পরিবহন স্বাভাবিক রাখলে সংকট তৈরি হবে না বলে মনে করি। 

 বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ বলেন, প্রশাসনের সাথে  বৈঠকের পর ব্যবসায়ীদের হয়রানি না করার আশ্বাসে আমাদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এই মুহুর্ত থেকে সিলেটের সব পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

এর আগে ‘অযৌক্তিক’ জরিমানা ও হয়রানির অভিযোগ তুলে বুধবার দিবাগত রাত থেকে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। এতে পরিবহন খাতে স্থবিরতা দেখা দেয় এবং জনভোগান্তি চরমে পৌঁছায়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ধর্মঘট প্রত্যাহার, পেট্রোল পাম্প, সিএনজি ফিলিং স্টেশন, জ্বালানি সরবরাহ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ