২০ মে ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

লাইনচ্যুত তেলবাহী ট্রেন থেকে বিজিবির এক হাজার লিটার ডিজেল সংগ্রহ

প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ

প্রকাশঃ ২ এপ্রিল, ২০২৬ ১২:২৬ অপরাহ্ন


হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ছড়িয়ে পড়া ডিজেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্থানীয় লোকজন বালতি ও বিভিন্ন পাত্র নিয়ে ছুটে এসে ছড়িয়ে পড়া তেল সংগ্রহের চেষ্টা করেন।

বিজিবি ও রেলওয়ে সূত্র জানায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে মাধবপুর উপজেলার মনতলা (রাজাপুর) এলাকায় ঢাকা–সিলেট রেলপথে একটি তেলবাহী মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে বগিগুলো থেকে ডিজেল বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তেল অপচয় রোধে উদ্ধার কার্যক্রম শুরু করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারকিন সংগ্রহ করে প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা–সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার লিটন কুমার চন্দ্র দেব জানান, সকাল ৮টা পর্যন্ত দুটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও দুটি বগি লাইনে তোলার কাজ চলছিল। একটি বগি পানিতে পড়ে থাকায় সেটি উদ্ধার করতে অতিরিক্ত সময় লাগতে পারে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, বিজিবি, জ্বালানি তেল, ডিজেল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ