২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

জামালগঞ্জে হোস্টেল–সংক্রান্ত অভিযোগে দুই শিক্ষককে অব্যাহতি

প্রতিনিধি, জামালগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:০০ অপরাহ্ন


জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেল–সংক্রান্ত অভিযোগের জেরে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের বিক্ষোভের পর প্রশাসনের হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

শিক্ষার্থীদের অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর একটি দল অস্থায়ীভাবে ছাত্রী হোস্টেল ভবনে অবস্থান নেয়। পরে ভবনের বাথরুম পরিষ্কার করতে গিয়ে জন্মনিরোধক পদ্ধতি-সামগ্রী পাওয়া গেছে বলে দাবি করেন কলেজের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থী। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে অনৈতিক কার্যক্রমের ইঙ্গিত দিয়ে পোস্ট দেওয়া হয়।

 

বুধবার বেলা ১১টার দিকে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা জামালগঞ্জ রিভার ভিউ পার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষের সামনে অবস্থান নেন। বিকাল পর্যন্ত তাঁরা নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কর্মসূচি পালন করেন।

 

শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি সেনাবাহিনীর পক্ষ থেকে কলেজ প্রশাসনকে মৌখিকভাবে জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে তারা বিক্ষোভে নামেন।

 

ঘটনার পর বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল কলেজে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কলেজের হল সুপার মুজিবুর রহমান ও ইতিহাস বিভাগের প্রধান পঙ্কজ বর্মণকে হোস্টেল–সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, শিক্ষককে অব্যাহতি, শিক্ষার্থী, হল সুপার, কলেজ প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ