২১ মে ২০২৬

দৈনন্দিন / দিবস

প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি, যথযাথ মর্যাদায় সিলেটে পালিত হচ্ছে মাতৃভাষা দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৩১ অপরাহ্ন


মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরেই শ্রদ্ধা আর ভালোবাসায় ভরে ওঠে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় একুশের কর্মসূচি।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নানা শ্রেণিপেশার মানুষ।

জেলা প্রশাসনের আয়োজনে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শহিদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে মন্ত্রী বলেন, ভাষা দিবস কেবল একটি স্মরণীয় দিন নয় এটি জাতির আত্মমর্যাদা রক্ষার অঙ্গীকারের দিন। মাতৃভাষার চর্চা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল আটটায় প্রভাতফেরির আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ। রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়াম থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি এসে মিলিত হবে কেন্দ্রীয় শহিদ মিনারে।

এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব, শহিদদের আত্মত্যাগ এবং নতুন প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোচনা করে অতিথিরা।

এছাড়া নগরের চৌহাট্টা এলাকায় শহিদ মিনারসংলগ্ন সড়কে আঁকা হয়েছে বর্ণিল আলপনা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও আয়োজন করা হয়েছে আলোচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহিদ হন। তাঁদের আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এরপর থেকে বিশ্বজুড়ে ভাষার মর্যাদা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার অঙ্গীকারে দিনটি পালিত হয়ে আসছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, মাতৃভাষা দিবস, শহিদ দিবন, শহিদ মিনার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ