২১ মে ২০২৬

দৈনন্দিন / দিবস

আজ অমর একুশে ফেব্রুয়ারি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ২:১১ পূর্বাহ্ন


অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হচ্ছে এদিন। সিলেট ও রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন হচ্ছে।


শ্রদ্ধা ও ভালোবাসায় আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এছাড়াও একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি করবেন অজস্র মানুষ।


দিবসটি উপলক্ষে সিলেট ও রাজধানীসহ সারাদেশে পুষ্পস্তবক অর্পণসহ আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 


জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর থেকে বিশ্বজুড়ে এ দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। বাঙালি জাতির কাছে এটি একদিকে যেমন গভীর শোক ও বেদনার, অন্যদিকে মাতৃভাষার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগের মহিমায় উজ্জ্বল এক ঐতিহাসিক দিন।


১৯৫২ সালের এই দিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ববাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজ শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। তাদের সেই আত্মত্যাগই আজ বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।


একুশে ফেব্রুয়ারি সাধারণ ছুটি। এদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। 


দিবসটিকে সামনে রেখে আজ সকাল ১১টায় সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মের করণীয় বিষয়ে আলোচনা করা হবে।


এছাড়া দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ