১০ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

নিয়োগে অনিয়মের অভিযোগ, সিকৃবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:০০ অপরাহ্ন


নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-এ মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন সময়ে ‘স্বেচ্ছায়’ নিয়োগ প্রদান করেছেন, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অভিন্ন নিয়োগ নীতিমালার পরিপন্থী। তারা দাবি করেন, বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও উপাচার্যের কাছ থেকে সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। বিশেষ করে চলমান প্রভাষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হচ্ছে বলে অভিযোগ তোলেন শিক্ষকরা।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও মান বজায় রাখতে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তারা সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে অভিযোগ অস্বীকার করে উপাচার্য ড. আলিমুল ইসলাম বলেন, নিয়োগের ক্ষেত্রে মানের সঙ্গে কোনো আপসের সুযোগ নেই। সব নিয়োগই নির্ধারিত নীতিমালা অনুসরণ করে এবং সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও নিয়োগ বোর্ডের মাধ্যমে সম্পন্ন হয়। সাদা দলের শিক্ষকদের অভিযোগ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, রোববার দুপুরে চলমান প্রভাষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে কয়েকজন শিক্ষক উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তেজনায় রূপ নেয় এবং প্রশাসন ও শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, সিকৃবি, মানববন্ধন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ