০৬ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

শিশুর নৈতিক ও চারিত্রিক শিক্ষায় পরিবার–শিক্ষক উভয়ের দায়িত্ব: সুবর্ণা সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৫৪ অপরাহ্ন


সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এবং আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি সুবর্ণা সরকার বলেছেন, শুধু পড়াশোনাই নয়, প্রতিটি শিশুর নৈতিক ও চারিত্রিক শিক্ষার দায়িত্ব শিক্ষকদের পাশাপাশি পরিবারেরও। প্রতিটি শিশু পড়াশোনায় সমানভাবে ভালো নাও হতে পারে; তবে কারও ভিন্ন কোনো প্রতিভা থাকলে সেটির প্রতি যত্ন নিলে সে ওই ক্ষেত্রেই ভালো কিছু করতে পারবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুবর্ণা সরকার বলেন, শিশুদের মুখরোচক খাবারের প্রতি অতিরিক্ত ঝোঁক না দিয়ে সঠিক পুষ্টির দিকে নজর দিতে হবে। বর্তমানে অনেক শিশু মোবাইল ফোন ও টেলিভিশনে আসক্ত হয়ে রাতে জেগে থাকে, যা তাদের স্বাভাবিক ঘুমের সময় নষ্ট করছে। এ বিষয়ে বাবা–মাকে আরও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, সন্তানরা স্কুলের বাইরে কার সঙ্গে মিশছে এবং সময়ের চেয়ে বেশি বাইরে থাকছে কি না, সেদিকে খেয়াল রাখা জরুরি—যাতে তারা কোনো খারাপ সঙ্গের প্রভাবে না পড়ে। একই সঙ্গে সন্তানদের সঙ্গে সহজ ও বন্ধুত্বপূর্ণভাবে কথা বলতে হবে, যেন তারা মনের সব কথা বাবা–মায়ের সঙ্গে শেয়ার করতে পারে এবং বাইরের ভুল পরামর্শের ওপর নির্ভরশীল না হয়।

অল্প বয়সে শেখার ও অর্জনের সক্ষমতা বেশি থাকে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের শাসন ও ভালোবাসা মেনে নিয়ে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে। এসএসসিতে ভালো ফলাফল করলে পরিবার ও সমাজে যে সম্মান পাওয়া যায়, তা অর্জনের জন্য প্রতিদিনের পড়াশোনায় মনোযোগ দেওয়া জরুরি।

জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে সুবর্ণা সরকার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের, যেখানে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে। একজন সচেতন নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করা উচিত এবং কোনোভাবেই ব্যালট ফাঁকা রাখা যাবে না।

অনুষ্ঠানে বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ রুহুল আমীনের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ জিয়াউর রহমান ও সহকারী শিক্ষক আব্দুর রকিব মানিক।

এ সময় উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক নাজমা আক্তার, প্রতিষ্ঠানের দাতা পরিবারের সদস্য আব্দুস শহিদ তুমেল, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছবুরসহ স্কুল, কলেজ ও কিন্ডারগার্টেন শাখার সকল শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, শিক্ষা, উপসচিব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ