১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সারাদেশে প্রচণ্ড তাপদাহ, সিলেটে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ মে, ২০২৫ ১২:৪১ অপরাহ্ন


সারা দেশ যখন প্রচণ্ড তাপদাহে পুড়ছে, তখন তুলনামূলকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সিলেটবাসী। রবিবার (১১ মে) দুপুরে সিলেট শহর ও আশেপাশের এলাকায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমে এসেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটাই সহনীয়। এদিকে আজ সোমবার সকাল থেকেই সারা সিলেট জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে তাপদাহ কমে অনেকটাই স্বস্তির হাওয়া বইছে এলাকায়। 

 

আবহাওয়া দপ্তর সুত্রে জানা যায়, মে মাসের শুরু থেকেই দেশের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে চলছে নজিরবিহীন খরতাপ। বিশেষকরে রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, যশোর, পাবনা ও ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তাছাড়া রাজধানী ঢাকায় নিয়মিত তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে, যা জনজীবনকে করে তুলেছে নাজেহাল।


খোঁজ নিয়ে অতিরিক্ত গরমে বেড়েছে হিটস্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা ও ত্বকের নানা রোগ। হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু, বয়স্ক ও দিনমজুর শ্রেণির মানুষ। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় তাপদাহের কষ্ট আরও তীব্র হয়ে উঠেছে।


তবে এর ব্যতিক্রম চিত্র সিলেট জুড়ে। সিলেট অঞ্চলে স্বস্তির বার্তা নিয়ে এসেছে বজ্রসহ বৃষ্টি।গততাল (রোববার) দুপুরের পর থেকেই সিলেট নগরীতে শুরু হয় মৃদু বৃষ্টি, সঙ্গে ছিল দমকা হাওয়া। এতে তাপমাত্রা দ্রুত হ্রাস পায় এবং চারপাশে কিছুটা শীতলতা ফিরে আসে। যা এখনো চলমান রয়েছে। 


সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, যা তাপমাত্রাকে সহনীয় পর্যায়ে রাখবে সিলেটে। তবে দেশের অন্যান্য এলাকায় তাপদাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, তবে ১৮মে এর পর থেকে দেশেও অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত শুরু হবে। 


অন্যদিকে দেশের মধ্য, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বিরাজ করছে অসহনীয় তাপপ্রবাহ। রবিবার (১১ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে ৪১.৮, চুয়াডাঙ্গায় ৪১.৫, ঢাকায় ৪০.১, ময়মনসিংহে ৩৯.২ এবং খুলনায় ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরে এসব অঞ্চলে ঘাম ঝরানো গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিক দিয়ে সিলেটে গড় তাপমাত্রা ছিলো ৩০ডিগ্রি সেলসিয়াসের কাছে। 


সারাদেশে তাপপ্রবাহের কারণে জনজীবন অতিষ্ট হয়ে উঠলেও সিলেটবাসী অতিষ্ঠ হয়ে উঠছে বৃষ্টির কারণে। সকাল থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বের হতে পারছেন না। 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেটের আবহাওয়া, সারাদেশে তাপদাহ, সিলেটে বৃষ্টি ২০২৫, তাপদাহে জনদুর্ভোগ, বাংলাদেশের তাপমাত্রা আপডেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ