২৩ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / বন্যপ্রাণী সংরক্ষণ

বিশ্ব জলাভূমি দিবসে পরিযায়ী পাখি রক্ষায় সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন


বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে ‘পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেট’-এর উদ্যোগে নগরীর ঘাসিটুলা এলাকার লামাপাড়া কবরস্থানসংলগ্ন জলাভূমিতে পরিযায়ী পাখির অভয়াশ্রমে একটি সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বিলবোর্ডে লেখা রয়েছে-- দেশি ও পরিযায়ী পাখি প্রকৃতির বন্ধু, এদের প্রতি যত্নশীল হোন। পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা। মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় বিলবোর্ডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রেফাই সরকার।


উদ্বোধনকালে তিনি বলেন, ‘সিলেট নগরীর সার্বিক পরিবেশের উন্নয়ন ঘটছে। ছড়া ও খাল পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে। এই জলাভূমিতে পরিযায়ী পাখির বিচরণ প্রমাণ করে এখানকার মানুষ প্রকৃতিকে ভালোবাসে। যারা প্রকৃতিকে ভালোবাসে, তাদের নগরী অবশ্যই পরিচ্ছন্ন নগরীতে পরিণত হবে।’


বিলবোর্ড স্থাপনকালে পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম বলেন, ‘দেশি ও পরিযায়ী পাখি রক্ষায় পরিবেশকর্মীরা দুই দশক ধরে সিলেটে কাজ করছেন। পাখি ও বন্যপ্রাণী সুরক্ষায় গণমাধ্যমকর্মীরাও সর্বাত্মক সহযোগিতা করছেন। ফলে সিলেটে মানুষ এখন পাখি সুরক্ষায় সচেতন। এ কারণে নগরের অভ্যন্তরের জলাভূমিতে পরিযায়ী পাখিরা নিশ্চিন্তে বিচরণ করছে, যা নগরবাসীর জন্য গৌরবের। লামাপাড়ার এই বিল ও মাছুদিঘিতে এবার অনেক পরিযায়ী পাখির উপস্থিতি দেখা গেছে। তবে পাখি শিকারীদের দৌরাত্ম্যে শঙ্কা থাকায় সবাইকে সচেতন করতেই এই বিলবোর্ড স্থাপন করা হয়েছে।’


এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবেদীন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী (বাহার), ট্রাস্টি অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্য রোমেনা বেগম রোজী, সোহাগ তাজুল আমিন, আব্দুর রহমান হীরা, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশীদ, আব্দুল করিম, আব্দুল ওয়াহাব প্রমূখ।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

বিশ্ব জলাভূমি দিবস, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেট, জলাভূমি, পরিযায়ী পাখির অভয়াশ্রম, সচেতনতামূলক বিলবোর্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ