০৫ মার্চ ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটে আচরণবিধি ভেঙে প্রচারণায় মুক্তাদির-আরিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ন


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী– দুজনেই ছিলেন সিলেট-১ আসনে বিএনপির মনোনয়নের দাবিদার। শেষ পর্যন্ত মুক্তাদিরকে সিলেট-১ এর জন্য চূড়ান্ত করে আরিফকে মনোনয়ন দেয়া হয় সিলেট-৪ আসনে।

 

সিলেটের স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের প্রতিপক্ষ এই দুই নেতার বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকলেও একটি বিষয়ে মিল খুঁজে পাওয়া গিয়েছে, তা হলো নির্বাচনের আচরণবিধি লঙ্ঘণে।

 

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা মেনে চলার বিধি থাকলেও তা লঙ্ঘণ করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই দুই প্রার্থী। 

 

আর এ লঙ্ঘণ নিরবে নয়, বরং সরবেই চালাচ্ছেন তারা। নিয়মিত গণমাধ্যমে পাঠাচ্ছেন সংবাদ বিজ্ঞপ্তি, সামাজিক যোগাযোগমাধ্যমেও চালাচ্ছেন কার্যক্রমের প্রচারণা।

 

‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ এর ১৮নং ধারা অনুযায়ী ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারির তিন সপ্তাহ সময়ের আগে কোনপ্রকার নির্বাচনী প্রচার করা যাবে না।

 

অপরদিকে, বিধিমালার ১৫নং ধারার খ উপধারায় উল্লেখ আছে কোন প্রার্থী মসজিদ বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। ধারা ৯ অনুযায়ী, মোটরসাইকেল শোভাযাত্রাও নিষিদ্ধ। 

 

তফসিল ঘোষণার পরদিন শুক্রবার খন্দকার আব্দুল মুক্তাদির আচরণবিধি ভেঙে সিলেট সদর উপজেলার মোগলগাঁও মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে গণসংযোগ করেছেন।

 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর ৬নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার পাশাপাশি মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

 

অপরদিকে, শুক্রবার আরিফুল হক চৌধুরী আচরণবিধি লঙ্ঘণ করে গোয়াইনঘাট উপজেলার কোওর বাজারে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভায় বক্তব্য রাখেন। একইসাথে স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ আদায়ের সময় মসজিদের ভিতরে দাড়িয়েই বক্তব্য রাখেন। 

 

শনিবার কোম্পানীগঞ্জ উপজেলার কাকুরাইল গ্রামে মিছিল সহযোগে গণসংযোগ করেন এবং পরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এছাড়াও আরো বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন তিনি যা গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

দুই প্রার্থীর আচরণবিধি লঙ্ঘণের ব্যাপারে কথা বলতে খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার কল দেয়া হলেও তারা সাড়া দেননি।


তবে রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের ডেপুটি কমিশনার সারওয়ার আলম বলেন, ‘আচরণবিধি লঙ্ঘণের ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ জমা দেননি। কোন অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।’


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, সিলেট বিএনপি মনোনয়ন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সিলেট রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ