সুনামগঞ্জের চার পৌরসভায় নির্বাচনের আমেজ
নির্বাচন
ফেসবুকে চলছে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা
প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ন
নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে সুনামগঞ্জের চার পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতিমধ্যে দৃশ্যমান। মাঠের সভা-সমাবেশের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেই এখন বেশি সরব সম্ভাব্য প্রার্থীরা। শুভেচ্ছা বার্তা, পোস্টার ও বিভিন্ন প্রচারণামূলক পোস্টের মাধ্যমে তারা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।
ভোটার ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর ও দিরাই—এই চার পৌরসভায় এখন পর্যন্ত অন্তত ২৮ জন সম্ভাব্য মেয়র প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তাদের কেউ নিজেই প্রার্থিতার ইঙ্গিত দিচ্ছেন, আবার কারও পক্ষে সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।
রাজনৈতিক অঙ্গনে আরেকটি আলোচনার বিষয়, আইনি জটিলতা না থাকলে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন সাবেক মেয়রও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সুনামগঞ্জ পৌরসভায় নাদের বখ্তকে ঘিরে আলোচনা
জেলা সদরের সুনামগঞ্জ পৌরসভায় সবচেয়ে আলোচিত নাম সাবেক মেয়র নাদের বখ্ত। নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সহসভাপতি নাদের বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তার বড় ভাই ইয়াকুব বখ্ত বহলুল জানিয়েছেন, নাদের বখ্ত নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভোটের আগেই দেশে ফিরবেন। দেশে ফিরে গ্রেপ্তার হলেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনে থাকার চেষ্টা করবেন বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গণিউল সালাদীন। তিনি জানিয়েছেন, এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলা জাসাসের সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদও দলীয় সমর্থন পেলে প্রার্থী হতে আগ্রহী।
বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম, আব্দুল্লা আল নোমান এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামরুল হাসান রাজু। এ ছাড়া সাবেক মন্ত্রী মেজর (অব.) ইকবাল হোসেন চৌধুরীর ছেলে ইনান চৌধুরীও বিভিন্ন ব্যানার ও শুভেচ্ছা প্রচারণার মাধ্যমে আলোচনায় এলেও তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন।
ছাতকে সক্রিয় সাত সম্ভাব্য প্রার্থী
শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছাতক পৌরসভায়ও নির্বাচনী তৎপরতা বাড়ছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাভেল, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও জসিম উদ্দিন সালমান।
এছাড়া জামায়াত নেতা রেজাউল করিম তালুকদার রেজার পক্ষেও বিভিন্নভাবে প্রচারণা চলছে। অন্যদিকে আইনি বাধা না থাকলে সাবেক মেয়র আবুল কালাম চৌধুরী ও আব্দুল ওয়াহিদ চৌধুরী মজনুও নির্বাচনে অংশ নিতে পারেন বলে তাদের সমর্থকেরা দাবি করছেন।
জগন্নাথপুরে প্রবাসী প্রার্থীদের আধিক্য
জগন্নাথপুর পৌরসভার নির্বাচনী চিত্র অন্যগুলোর তুলনায় কিছুটা ভিন্ন। সম্ভাব্য আট প্রার্থীর মধ্যে সাতজনই যুক্তরাজ্যপ্রবাসী।
সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন এম এ কাদির, সুজাতুর রেজা, আবুল হোসেন, আলিফ মিয়া, রাজু আহমদ ও লুৎফুর রহমান চৌধুরী। এছাড়া সাবেক মেয়র আব্দুল মনাফের ছেলে, যুক্তরাজ্যপ্রবাসী সেলিম আহমদের নামও আলোচনায় রয়েছে।
আইনি জটিলতা না থাকলে নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশিদ ভুইয়াও প্রার্থী হতে পারেন বলে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।
দিরাইয়েও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা
দিরাই পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল চৌধুরী, যুক্তরাজ্যপ্রবাসী আবুল হাসনাত রিপন এবং বিএনপি নেতা জিয়াউল হাসান ভুট্টু।
এছাড়া সাবেক মেয়র আহমদ মিয়ার ছেলে আজমল হোসেনও নির্বাচনে অংশ নিতে পারেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। আইনি বাধা না থাকলে আওয়ামী লীগের সাবেক দুই মেয়র বিশ্বজিৎ রায় ও মোশারফ মিয়াও নির্বাচনে অংশ নিতে পারেন বলে তাদের সমর্থকদের দাবি।
বিএনপির একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন, চার পৌরসভায় দলের একক প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে দলের প্রতি অতীতের অবদান, ত্যাগ এবং স্থানীয় জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া হবে।
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচন, চার পৌরসভা নির্বাচন, সুনামগঞ্জ নির্বাচন , মেয়র প্রার্থী, সম্ভাব্য মেয়র প্রার্থী, ফেসবুকে প্রচারণা , নির্বাচনী আমেজ , স্থানীয় সরকার নির্বাচন, বিএনপি , সুনামগঞ্জের খবর, পৌর নির্বাচন, বাংলাদেশ নির্বাচন