২৮ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

‘সুবিধাবঞ্চিত শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়’

গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৬ ৫:১৩ অপরাহ্ন


সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের প্রশংসা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার ভাষ্য, দুর্গম এলাকায় প্রতিষ্ঠিত এ বিদ্যালয় সুবিধাবঞ্চিত শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।


বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। পরে তিনি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ পরিদর্শন করেন।


পরিদর্শন শেষে ববি হাজ্জাজ বলেন, ‘দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। এখানকার শিশুদের শেখার আগ্রহ এবং শিক্ষকদের আন্তরিকতা সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’


তিনি বলেন, ‘টেকসই বাংলাদেশ গড়তে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। এ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।’

এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রতিমন্ত্রী গোয়াইনঘাট উপজেলার বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

ববি হাজ্জাজ, গোয়াইনঘাট, গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব জাফলং, সিলেট, প্রাথমিক শিক্ষা, সীমান্তবর্তী বিদ্যালয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ