হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, গাড়ি ভাঙচুর
দৈনন্দিন
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিকদের সচেতনতার কোনো বিকল্প নেই। সিটি করপোরেশন নগর পরিচ্ছন্ন রাখতে নানা উদ্যোগ নিলেও কিছু মানুষের অসচেতন আচরণে যত্রতত্র আবর্জনা ফেলার কারণে সেই প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।’
মঙ্গলবার বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিটি করপোরেশনের আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘পরিবেশ রক্ষা এখন শুধু একটি কর্মসূচির বিষয় নয়, এটি টিকে থাকার প্রশ্ন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি বলেন, ‘পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে।’
সিসিক প্রশাসক জানান, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে নগরজুড়ে অন্তত ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে সিটি করপোরেশন। একই সঙ্গে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত নগর গড়তে নিয়মিত ছড়া, খাল ও ড্রেন পরিষ্কারের পাশাপাশি ড্রেনেজব্যবস্থা ও সড়ক অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। মশাবাহিত রোগ প্রতিরোধেও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ‘শুধু সিটি করপোরেশনের পক্ষে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। নাগরিকেরা নির্ধারিত স্থানে বর্জ্য ফেললে, পরিবেশ সংরক্ষণে সচেতন হলে এবং বৃক্ষরোপণে অংশ নিলে সম্মিলিত উদ্যোগে একটি পরিচ্ছন্ন ও সবুজ সিলেট গড়ে তোলা সম্ভব হবে।’
এর আগে প্রশাসকের নেতৃত্বে নগর ভবন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার নগর ভবনে এসে শেষ হয়। এতে সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সিলেট সিটি করপোরেশন, সিসিক, আব্দুল কাইয়ুম চৌধুরী, গ্রিন অ্যান্ড ক্লিন সিলেট, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস, বৃক্ষরোপণ কর্মসূচি, ৫০ হাজার গাছ, পরিবেশ সংরক্ষণ