১০ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

তাহিরপুরে বাতিল হওয়া টিটিসি বহালের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ 

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২৫ ৯:২৭ অপরাহ্ন


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাওয়ার পরও সুনামগঞ্জের তাহিরপুরে নির্মিত হচ্ছে না সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদ ও টিটিসি নির্মাণের সিদ্ধান্ত বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন এলাকাবাসী।

 

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা সদরে হাওর বাঁচাও আন্দোলন ও সচেতন তাহিরপুরবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলাটি নানা কারণে অবহেলা-বঞ্চনার শিকার হচ্ছে। সুবিধাবঞ্চিত এই উপজেলায় কর্মমুখী শিক্ষা চালু করা সময়ের দাবি। কিন্তু পরিতাপের বিষয়, এই উপজেলার জন্য একটি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অনুমোদিত হওয়ার পরও কি করে তা বাতিল হয়ে অন্য আরেকটি উপজেলায় চলে যায়, তা আমাদের বোধগম্য হচ্ছে না।

 

বক্তারা গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করে জানান, তাহিরপুরবাসী বছরের লম্বা একটা সময় প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বাঁচতে অভ্যস্ত। ন্যায্য দাবি কিভাবে আদায় করতে হয় তাহিরপুরের মানুষ তা ভালো বুঝে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কিন্তু থামবো না। তাই কর্তৃপক্ষকে বলব, কোন গড়িমসি না করে আমাদের ন্যায্য দাবি যেন বাস্তবায়ন হয় সেই উদ্যোগ গ্রহণ করবেন। 

 

মানববন্ধন শেষে দাবি আদায়ের লক্ষ্যে 'কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিষদ' নামে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে মেহেদী হাসান উজ্জ্বলকে আহ্বায়ক করা হয়েছে। তাছাড়া যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব করা হয়েছে সুহেল আলমকে।

 

মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদর ইউনিয়ন জামায়াতের আমীর শফিকুল ইসলাম, জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুরের সভাপতি মুসাহেল আহমদ, সাধারণ সম্পাদক তুজাম্মিল হক নাছরুম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সদস্য সচিব সুহেল আলম, তাহিরপুর গণকল্যান ফাউন্ডেশনের সভাপতি সারোয়ার ইবনে গিয়াস, সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল, শিবিরের সভাপতি রাজন আহমেদ প্রমূখ। 

 

জানা গেছে, ২০২৩ সালের ২৯ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাওয়া দেশের ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পে সুনামগঞ্জের তাহিরপুর ও শান্তিগঞ্জ দুই উপজেলা ছিল চূড়ান্ত তালিকায়। ৩ হাজার ৭৫১ কোটি টাকা ব্যয়ে ২০২৮ সালের মধ্যে কেন্দ্রগুলো নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হলেও এই দুই উপজেলায় আর কেন্দ্র নির্মিত হচ্ছে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

তাহিরপুর, সিদ্ধান্ত বহাল, মানববন্ধন, একনেক, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ