১৩ জুন ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

হবিগঞ্জ–২ আসনে বিএনপির প্রার্থী ডা. সাখাওয়াত হোসেন জীবন

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ৩ নভেম্বর, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ন


হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের নির্বাচন উপকমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা–কর্মীরা।

হবিগঞ্জ–২ আসনে ডা. জীবনের নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তাঁরা বলেন, দীর্ঘদিনের তৃণমূল নেতা হিসেবে তিনি এলাকায় জনপ্রিয় এবং কর্মীদের আস্থাভাজন।

চিকিৎসক পেশার পাশাপাশি রাজনীতির মাঠে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন ডা. সাখাওয়াত হোসেন জীবন। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা হয়েছিল, যার মধ্যে ১৩টিতেই আদালত তাঁকে নির্দোষ ঘোষণা করেছেন। একাধিকবার কারাবরণ করলেও দলীয় কর্মকাণ্ড থেকে সরে যাননি তিনি।

মানুষের সেবায়ও তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। নিজ উদ্যোগে শতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছেন এবং অসুস্থ, দরিদ্র ও আহত পরিবারের পাশে থেকেছেন নিয়মিত। এসব কারণে স্থানীয়দের কাছে তিনি শুধু রাজনৈতিক নেতা নন, একজন সমাজসেবক হিসেবেও পরিচিত মুখ।

১৯৭৯ সালে প্রয়াত আলী বিএনপি থেকে হবিগঞ্জ–২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে এই আসনে বিএনপির আর কোনো প্রার্থী নির্বাচিত হননি। দীর্ঘ চার দশক পর হারানো সেই আসন পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছেন ডা. জীবন। গত ১৬ বছরে তিনি দুই উপজেলার ৪৮৬টি গ্রাম ঘুরে সংগঠনকে ওয়ার্ড পর্যায়ে পুনর্গঠিত করেছেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, হবিগঞ্জ, হবিগঞ্জ-২ আসন, ডা. সাখাওয়াত হোসেন জীবন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ