২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

সিলেটের উন্নয়ন বৈষম্য দূর করতে রোববার অবস্থান কর্মসূচি, শনিবার মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩১ অক্টোবর, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ন


সিলেটের সঙ্গে দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করার দাবিতে রোববার (২ নভেম্বর) সিলেট নগরীতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে নাগরিক সংগঠন ‘সিলেট আন্দোলন’। এদিন সকাল ১১টায় সিটি পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তার কুমারপাড়াস্থ বাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় ব্যবসায়ী, সাংস্কৃতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

সভায় সাবেক মেয়র আরিফ বলেন, উন্নয়নের ক্ষেত্রে সিলেট দীর্ঘদিন ধরে বঞ্চিত। ১২ অক্টোবর কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশ থেকে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে ‘সিলেট আন্দোলন’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।

 

আরিফুল হক চৌধুরী আরও বলেন, রোববারের অবস্থান কর্মসূচিকে সফল করতে শনিবার (৩১ অক্টোবর) বাদ মাগরিব হযরত শাহজালাল (র.) দরগাহ চত্বর থেকে একটি মশাল মিছিল বের করা হবে। পাশাপাশি শুক্রবারের জুমার খুতবায় ইমামরা সিলেটের উন্নয়ন বৈষম্যের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে তিনি মন্দির, গির্জা ও প্যাগোডার দায়িত্বশীলদেরও সিলেটের দাবির প্রতি জনমত গঠনে আহ্বান জানান।

 

সভায় আরিফুল হক বলেন, সম্প্রতি তিনি সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা এবং রেল উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উপদেষ্টারা জানিয়েছেন, সিলেটের সড়ক ও রেল সমস্যার বিষয়ে তারা অবগত এবং এর কিছু উন্নয়ন হয়েছে। এখন ঢাকায় যেতে সময় লাগছে ৬-৭ ঘণ্টা। তবে রেলের টিকিট সংকট ও অবকাঠামোগত ঘাটতি এখনো রয়ে গেছে। উপদেষ্টা সিলেটের জন্য ১০টি নতুন বগি বরাদ্দের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

 

তবে বিমান ভাড়া ও যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক বৈষম্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক মেয়র।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেটের সঙ্গে বৈষম্য, আরিফুল হক চৌধুরী, অবস্থান কর্মসূচি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ