১২ জুন ২০২৬

দৈনন্দিন

কিনব্রিজে বন্ধ হচ্ছে হকার ও মোটরসাইকেল চলাচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১:৫৩ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ এবার শুধু পথচারীদের জন্য উন্মুক্ত রাখা হবে। হকার ও মোটরসাইকেল যাতে সেতুতে প্রবেশ করতে না পারে, সেজন্য উভয় প্রবেশমুখ বন্ধ করে দেওয়া হবে। আগামী শনিবার থেকেই এ বিষয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।


এ সময় জেলা প্রশাসক আলী আমজদের ঘড়িঘর ও চাঁদনীঘাট প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, ঘড়িঘরে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও আপত্তি ওঠায় তা সরিয়ে নেওয়া হয়েছে। অন্য কোথাও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

চাঁদনীঘাটে সুরমা নদীর তীরে ট্রাক পার্কিং বন্ধ করারও ঘোষণা দেন তিনি। শনিবার থেকেই এ এলাকা পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

নগরীর ফুটপাত ও সড়ক দখল প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, হকার পুনর্বাসনের উদ্যোগ আগেই নেওয়া হয়েছিলো, নির্ধারিত জায়গাও আছে। শিগগিরই তা কার্যকর করা হবে। 

প্রসঙ্গত, ১৯৩৩ সালে নির্মিত এবং ১৯৩৬ সালে চলাচলের জন্য খুলে দেওয়া হয় ১ হাজার ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের এই সেতুটি। ভারতের আসামের গভর্নর মাইকেল কিনের নামেই এর নামকরণ হয় কিনব্রিজ। লাল রঙের ধনুকাকৃতি লোহার এই সেতুটি পর্যটকদের কাছেও অন্যতম আকর্ষণ।

২০১৯ সালে ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে এ সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয়। সেসময় প্রবেশপথে লোহার বেষ্টনী বসানো হলেও কিছুদিনের মধ্যে সেগুলো ভেঙে রিকশা ও মোটরসাইকেল চলাচল শুরু হয়। ধীরে ধীরে পুরো বেষ্টনীই অদৃশ্য হয়ে যায়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, জেলা প্রশাসক, মতবিনিময়, কিনব্রিজ, মোটরসাইকেল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ