১১ জুন ২০২৬

রাজনীতি / সরকার

জাতীয় বাজেট ২০২৬-২৭

কৃষি খাতে ২৮ হাজার ৮৮১ কোটি টাকা বরাদ্দ, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থায় জোর

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ৮:৩২ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৮ হাজার ৮৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় এ খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব এসেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

বাজেট নথি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৭ হাজার ২২৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিল। পরে সংশোধিত বাজেটে এ বরাদ্দ কমে ২৪ হাজার ৮২৫ কোটি টাকায় নেমে আসে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, কৃষিকে জাতীয় সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করা সরকারের প্রধান অঙ্গীকারগুলোর একটি। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ভিত্তি হিসেবে কৃষি খাতকে আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তর করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সার, বীজ ও সেচসহ কৃষি উপকরণ সুলভ মূল্যে সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং আধুনিক বিপণনব্যবস্থা ও হিমাগার অবকাঠামো গড়ে তোলার উদ্যোগের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, সরকার কৃষকদের শুধু উৎপাদনকারী হিসেবে নয়, বরং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে কার্যকর নীতি বাস্তবায়ন করছে। একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিমান পরিবহন, পর্যটন মন্ত্রণালয়, বাজেট ২০২৬-২৭, শাহজালাল বিমানবন্দর, ওসমানী বিমানবন্দর।

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ