
দেশীয় উৎপাদন, কৃষি ও শিল্প খাতে গতি আনতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণার প্রস্তাব দিয়েছে সরকার। এ তহবিলের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৫ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতাকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
তিনি জানান, কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্প, সিএমএসএমই খাত এবং বন্ধ বা রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া হবে। এ লক্ষ্যে ‘প্রণোদনা তহবিল ২০২৬’ নামে ৬০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে।
মন্ত্রী বলেন, তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা রিফাইন্যান্সিং তহবিল এবং ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হবে।
ঘোষিত প্যাকেজগুলোর মধ্যে রয়েছে— বন্ধ শিল্পকারখানা চালুকরণ ও সেবা খাতের জন্য ২০ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ১০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা।
অর্থমন্ত্রী বলেন, এসব কার্যক্রমের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। উদ্যোক্তাদের উৎপাদন কার্যক্রম সম্প্রসারণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে। ফলে ঋণের প্রকৃত সুদের হার বাজারের প্রচলিত হারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হবে।
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেয়ার করুনঃ
রাজনীতি থেকে আরো পড়ুন
বাজেট ২০২৬-২৭, কর্মসংস্থান, প্রণোদনা তহবিল, আমির খসরু, বাংলাদেশ ব্যাংক