
অটোমেশন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রযুক্তি খাতের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ফ্রিল্যান্সিং ও ক্রিয়েটিভ সেক্টরে ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে আরও ৮ লাখ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের আওতায় যুবকদের ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ারগিভিং এবং বিদেশি ভাষা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।
অর্থমন্ত্রী আরও বলেন, অটোমেশন ও চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ ও উপযোগী মানবসম্পদ তৈরির জন্য একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী জনশক্তি গড়ে তোলা হবে।
সরকারের এ উদ্যোগ প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শেয়ার করুনঃ
রাজনীতি থেকে আরো পড়ুন
প্রযুক্তি খাত, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, বাজেট ২০২৬-২৭, আমির খসরু মাহমুদ চৌধুরী
