সিলেটে ঝটিকা মিছিলের চেষ্টা, ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন
সিলেটে ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ‘নিষিদ্ধ ঘোষিত’ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) নগরের আখালিয়ার নেহারীপাড়া এলাকা থেকে একজন এবং ৪ সেপ্টেম্বর জল্লারপাড় এলাকায় অভিযান চালিয়ে অন্যজনকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের ছাতক থানার দিঘলী রামপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয় এবং ময়মনসিংহের ধোবাউড়া থানার কামালপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল আহমদ (২০)। সোহেল নগরের জল্লারপাড় এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।
পুলিশ জানায়, গত ২৮ আগস্ট পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় ৩০ আগস্ট কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়।
মামলার তদন্তে সিসিটিভি ও ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে সোহেল আহমদ ও রবিউল ইসলাম হৃদয়ের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে পুলিশ জানায়।
৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জল্লারপাড় এলাকায় অভিযান চালিয়ে সোহেল আহমদ এবং ৬ সেপ্টেম্বর নেহারীপাড়া এলাকা থেকে রবিউল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনিজুরুল আলম বলেন, গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাত্রলীগ, গ্রেফতার, মিছিল, পুলিশ, মামলা, রাষ্ট্রবিরোধী স্লোগান